অজানার টানে সাইকেলে ৭০ কিমি পাড়ি দিয়ে দিঘায় সপ্তম শ্রেণির পড়ুয়া

অজানার টানে সাইকেলে ৭০ কিমি পাড়ি দিয়ে দিঘায় সপ্তম শ্রেণির পড়ুয়া

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের মাধাখালি এলাকার সপ্তম শ্রেণির ছাত্র সুজন জানা রোমাঞ্চের টানে সাইকেল নিয়ে একাই দিঘায় পৌঁছে তাক লাগিয়ে দিয়েছে। সমুদ্র দেখার প্রবল ইচ্ছা থাকলেও পরিবারের অনুমতি না মেলায় কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই কিশোর। দীর্ঘ পথ সাইকেলে পাড়ি দিয়ে দিঘায় পৌঁছানোর পর তার এই দুঃসাহসিক অভিযান ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়।

এদিকে ছেলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা নিখোঁজ ডায়েরি করলে পুলিশ ও সিভিল ডিফেন্স তল্লাশি শুরু করে। বৃহস্পতিবার রাতে দিঘার বিশ্ব বাংলা ওয়ান পার্কের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে গ্রিন গার্ড শোভন জানার সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করে যে সে বাড়ি থেকে কাউকে না বলে সাইকেল চালিয়ে একা এখানে এসেছে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও সিভিল ডিফেন্সের তৎপরতায় সুজনকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখা হয়। খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা দিঘায় পৌঁছালে পুলিশের উপস্থিতিতে কিশোরকে তাদের হাতে তুলে দেওয়া হয়। দুঃসাহসিক এই যাত্রার ইতি ঘটলেও খুদে পড়ুয়ার এমন ‘অবাক কীর্তি’ এখন স্থানীয়দের মুখে মুখে ঘুরছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *