অজিত মাহাতোর ‘ছেলের টিকিট’ নিয়ে অমিত শাহের সঙ্গে ডিল, পুরুলিয়ায় বিস্ফোরক অভিষেক

পুরুলিয়ার জয়পুরের জনসভা থেকে বিজেপি এবং কুড়মি নেতা অজিত মাহাতোকে কড়া ভাষায় আক্রমণ শাণালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বামনীয়া ডাকবাংলো মাঠের সভা থেকে তিনি দাবি করেন, কুড়মিদের দাবিদাওয়া নিয়ে নয়, বরং নিজের ছেলেকে প্রার্থী করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ‘ডিল’ করেছেন অজিত মাহাতো। এই মন্তব্যে জেলা রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
এদিন অভিষেক সাফ জানান, রাজ্য সরকার কুড়মিদের পাশে দাঁড়িয়েছে এবং কুড়মালি ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে। কিন্তু অজিত মাহাতোরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কেন ভাষার স্বীকৃতির দাবিতে সরব হননি, সেই প্রশ্ন তোলেন তিনি। সাংসদের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই বিজেপির সঙ্গে আঁতাত করা হয়েছে। তাই এলাকার মানুষকে এদের ফাঁদে পা না দেওয়ার আর্জি জানান তিনি।
বক্তব্যে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে বিজেপিকে তীব্র চ্যালেঞ্জ জানান অভিষেক। তিনি বলেন, পুরুলিয়ার বিধায়ক নরহরি মাহাতো এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো গত কয়েক বছরে কী উন্নয়ন করেছেন, তার রিপোর্ট কার্ড জনগণের সামনে পেশ করুন। বিজেপি কোনও কাজ করেনি দাবি করে অভিষেক চ্যালেঞ্জ দেন, বিজেপি উন্নয়নের প্রমাণ দিতে পারলে তিনি আর ভোট চাইতে আসবেন না।
অন্যদিকে, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন তৃণমূল সাংসদ। তিনি জানান, জয়পুরে ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝালদায় মডেল স্কুল এবং ৫৫টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়া হয়েছে। এছাড়া ৪টি সাঁওতালি স্কুল ও কুড়মিদের জন্য পৃথক বোর্ড গঠনের কথা মনে করিয়ে দিয়ে তিনি দাবি করেন, তৃণমূল সরকারই সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে।
জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় ভোটারদের উন্নয়নের নিরিখে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। বিজেপির ভাঁওতা ও ব্যক্তিগত স্বার্থের রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী চিন্তাধারার সঙ্গে থাকার পরামর্শ দেন তিনি। সব মিলিয়ে ভোটের আগে পুরুলিয়ায় অভিষেকের এই সভা ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।