অতিরিক্ত গ্যাস বুকিং রুখতে কড়া পদক্ষেপ সরকারের, ডবল সিলিন্ডারের নিয়মে বড় বদল

অতিরিক্ত গ্যাস বুকিং রুখতে কড়া পদক্ষেপ সরকারের, ডবল সিলিন্ডারের নিয়মে বড় বদল

পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে দেশে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় অতিরিক্ত গ্যাস বুকিং রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, দেশে এলপিজি বা পেট্রোপণ্যের কোনো ঘাটতি নেই। তবে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট ঠেকাতে ডবল সিলিন্ডার গ্রাহকদের জন্য নতুন নিয়ম জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৪.২ কেজির ডবল সিলিন্ডার ব্যবহারকারীরা এখন থেকে একটি সিলিন্ডার বুক করার পর পরবর্তী বুকিংয়ের জন্য ৩৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। অর্থাৎ, ডবল সিলিন্ডার গ্রাহকদের ক্ষেত্রে বুকিংয়ের ব্যবধান ১০ দিন বাড়ানো হয়েছে। তবে সিঙ্গেল সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য আগের ২৫ দিনের নিয়মটিই বহাল থাকছে।

মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি সুজাতা শর্মা জানিয়েছেন, ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে সরবরাহে কিছুটা প্রভাব পড়লেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত সাধারণ মানুষের মধ্যে আতঙ্কজনিত কারণে সিলিন্ডার মজুত করার প্রবণতা কমাতেই এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত। এই পদক্ষেপের ফলে বাজারে জ্বালানি সরবরাহে ভারসাম্য বজায় থাকবে এবং অযথা বুকিংয়ের চাপ কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *