অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ এ সপ্তাহেই, নজরে ২০ লক্ষ ভোটারের ভাগ্য

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ এ সপ্তাহেই, নজরে ২০ লক্ষ ভোটারের ভাগ্য

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চলতি সপ্তাহেই প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকসহ বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, আগামী শুক্র বা শনিবারের মধ্যে প্রায় ২০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণকারী এই তালিকা জনসমক্ষে আনা হতে পারে।

বর্তমানে ৬০ লক্ষাধিক ‘বিবেচনাধীন’ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ চালাচ্ছেন হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা। এর মধ্যে প্রায় ২১ লক্ষ ভোটারের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড ও ওড়িশার প্রায় ৭০৫ জন বিচারক এই বিশাল কর্মযজ্ঞে শামিল হয়েছেন। তালিকায় নাম থাকা ব্যক্তিরা যোগ্য হিসেবে বিবেচিত হলে তবেই আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

যাঁদের নাম এই অতিরিক্ত তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের তোড়জোড় শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে এই ট্রাইব্যুনাল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কমিশন সূত্রে খবর, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত যে সমস্ত ভোটাররা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁরাই ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *