অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশে অশান্তির আশঙ্কা, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশে অশান্তির আশঙ্কা, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

আগামী সোমবার, ২৩ মার্চ রাজ্য নির্বাচন কমিশন প্রথম অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে। এসআইআরে বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর এই তালিকা প্রকাশিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন ছিল। এই নতুন তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট দফতরগুলোতে ব্যাপক ভিড় এবং বিশৃঙ্খলার সম্ভাবনা দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় শনিবার নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে সমস্ত জেলাশাসককে সতর্কবার্তা পাঠানো হয়েছে। নবান্ন জানিয়েছে, তালিকা প্রকাশের পর সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি বাড়াতে হবে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থা রাখার নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে।

প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী, প্রতি শুক্রবার এভাবেই পর্যায়ক্রমে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। নবান্ন ও কমিশন গোটা প্রক্রিয়ায় শান্তি বজায় রাখতে তৎপর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *