অদম্য জেদ দুর্গম নদী পেরিয়ে আলিপুরদুয়ারের টাপুতে পৌঁছাবেন ভোটকর্মীরা

অদম্য জেদ দুর্গম নদী পেরিয়ে আলিপুরদুয়ারের টাপুতে পৌঁছাবেন ভোটকর্মীরা

আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের ১২৫০টি বুথে ভোটগ্রহণের প্রস্তুতি তুঙ্গে। তবে ভৌগোলিক প্রতিবন্ধকতা জয় করে কুমারগ্রাম বিধানসভার দু’টি বিশেষ বুথে পৌঁছাতে ভোটকর্মীদের নৌকাই একমাত্র ভরসা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক ফরেস্ট সংলগ্ন ধনতলি টাপু ও জয়দেবপুর টাপু বুথ দু’টি রায়ডাক-২ নদী দ্বারা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এই চ্যালেঞ্জিং পথ বেছে নিতে হচ্ছে প্রশাসনকে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, খোঁয়ারডাঙা-১ এবং কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের এই দ্বীপসদৃশ এলাকাগুলোতে নির্বিঘ্নে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগেভাগেই নৌকার সুব্যবস্থা করা হয়েছে। যদিও এই বিধানসভার বিষ্ণুনগর মাঝেরডাবরি বা চ্যাংমারি জিপি-র মতো কিছু এলাকাও নদী বেষ্টিত, তবে সেখানে বর্তমানে বাঁশের সাঁকো থাকায় যাতায়াতে বিশেষ সমস্যা নেই। নদীপথে সরঞ্জাম নিয়ে যাতায়াতই এখন মূল লক্ষ্য।

কুমারগ্রামের বিডিও সন্দীপ ধারা জানিয়েছেন, ভোটকর্মীদের নিরাপত্তা ও যাতায়াত সুনিশ্চিত করতে রায়ডাক-২ নদীতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। দুর্গম বনাঞ্চল ও জলপথের বাধা পেরিয়ে প্রতিটি ভোটারের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে ভোটকর্মীরা যাতে নির্দিষ্ট সময়ে বুথে পৌঁছাতে পারেন, তার জন্য সবরকম প্রশাসনিক তৎপরতা জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *