অধীর-হুমায়ুনকে কেন পাহারা দিচ্ছে মোদীর পুলিশ? নওদায় বিস্ফোরক অভিষেক

নওদার জনসভা থেকে অধীর চৌধুরী ও হুমায়ুন কবীরের বিরুদ্ধে সরাসরি ‘বিজেপি সেটিং’-এর অভিযোগ তুললেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মুর্শিদাবাদের এই সভায় তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে রাজ্য পুলিশের নিরাপত্তায় থাকেন, সেখানে এই দুই নেতার জন্য কেন বিশেষ সিআরপিএফ (CRPF) পাহারার ব্যবস্থা করেছে কেন্দ্র?
অভিষেক এদিন কড়া সুরে বলেন, “দিল্লিতে সব প্রাক্তন সাংসদকে ঘর ছাড়তে হলেও অধীর চৌধুরীর বাড়ি কিন্তু এখনও যায়নি। এখান থেকেই বুঝুন সেটিং কার সঙ্গে কার!” তিনি আরও দাবি করেন, বকেয়া পাওনা নিয়ে অধীরবাবু কেন্দ্রের কাছে কোনও চিঠি লেখেননি। এর প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
মুর্শিদাবাদ জেলায় বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে প্রার্থী নিয়ে ক্ষোভ থাকলেও তা প্রশমনে অভিষেক স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “কারও প্রার্থী পছন্দ না হলে মনে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।” বিরোধী শিবিরের বিভাজন রুখতে অধীর ও হুমায়ুনকে সরাসরি আক্রমণ করে সংখ্যালঘু ভোটব্যাংক অটুট রাখাই এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি যোগ করেন, “প্রথম দফায় মুর্শিদাবাদে ওদের হাত-পা ভাঙবে আর ডায়মন্ড হারবারে গিয়ে আমি ওদের কোমর ভেঙে ‘বল হরি হরি বোল’ করে দেব।” সারা দেশে দল ভাঙার রাজনীতি চললেও বাংলায় একমাত্র তৃণমূলই বিজেপিকে ভাঙার ক্ষমতা রাখে বলে দাবি করেন তিনি।