অনলাইনে বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলআপ করছেন? এই একটি ভুল করলেই বাতিল হবে মাসিক ভাতার আবেদন

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় সুখবর নিয়ে এল ‘বাংলার যুবসাথী’ প্রকল্প। ২১ থেকে ৪০ বছর বয়সি শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তার লক্ষ্যে মাসিক ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ইতিমত্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। তবে অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় সামান্য অসতর্কতা বা নথিপত্র আপলোডে ভুল থাকলে সরাসরি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনপত্র। তাই টাকা হাতে পাওয়ার আগে খুঁটিনাটি নিয়মগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
আবেদন করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন
ভোটের আবহে রাজ্যজুড়ে জোরকদমে চলছে এই প্রকল্পের কাজ। প্রথমে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম জমা দেওয়ার কথা থাকলেও, শোনা যাচ্ছে আবেদনের সময়সীমা আরও বাড়তে পারে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদন করার আগে পোর্টাল এবং নথিপত্র নিয়ে সতর্ক থাকতে হবে।
কোথায় এবং কীভাবে আবেদন করবেন
আবেদনকারীকে প্রথমেই যেতে হবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পোর্টালে (https://apas.wb.gov.in/)। এছাড়া যুব ও ক্রীড়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (https://sportsandyouth.wb.gov.in/) থেকেও ‘Application form for Banglar Yuba Sathi Scheme’ লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করা যাবে। মনে রাখবেন, সঠিক সাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় নথি সহ জমা দেওয়াই নিয়ম।
কোন কোন নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক
অনলাইনে আবেদনের সময় হাতের কাছে নিচের নথিপত্রগুলো স্ক্যান কপি হিসেবে রাখতে হবে। একটু ভুল হলেই সার্ভার আপনার ফর্ম রিজেক্ট করে দিতে পারে।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশিট বা সার্টিফিকেট (অবশ্যই PDF ফরম্যাটে)।
- পরিচয়পত্র: আধার কার্ড ও ভোটার কার্ডের কপি (PDF ফরম্যাটে)।
- ব্যাঙ্ক ডিটেইলস: আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি (PDF ফরম্যাটে), যেখানে অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড স্পষ্ট বোঝা যায়।
- জাতিগত শংসাপত্র: যদি প্রযোজ্য হয়, তবে SC/ST/OBC সার্টিফিকেটের কপি (PDF ফরম্যাটে)।
- ছবি ও স্বাক্ষর: সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (PDF ফরম্যাটে) এবং আবেদনকারীর ডিজিটাল স্বাক্ষর (JPG বা PNG ফরম্যাটে)।
- সক্রিয় মোবাইল নম্বর: একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে, কারণ সেখানেই ভেরিফিকেশনের জন্য ওটিপি (OTP) পাঠানো হবে।
কেন বাতিল হতে পারে আপনার আবেদন
অনেকেই ফর্ম ফিলাপ করার সময় নথির ফরম্যাট (Format) বা সাইজ নিয়ে ভুল করেন। মনে রাখবেন, স্বাক্ষর বাদে বাকি সব নথি কেবল PDF ফরম্যাটেই আপলোড করতে হবে। যদি কোনো একটি নথি আপলোড করতে ভুলে যান বা অস্পষ্ট তথ্য প্রদান করেন, তবে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তাই চূড়ান্ত সাবমিট করার আগে প্রতিটি তথ্য পুনরায় যাচাই করে নিন।
রাজ্যের শিক্ষিত যুবসমাজকে স্বাবলম্বী করতে এই প্রকল্প এক বড় পদক্ষেপ। সঠিক পদ্ধতিতে আবেদন করে আপনিও পেতে পারেন সরকারি ভাতার এই সুবিধা।