অনিল অম্বানী মামলা: ইডি ও সিবিআই-কে তদন্তে স্বচ্ছতার নির্দেশ সুপ্রিম কোর্টের

রিলায়্যান্স এডিএজি গোষ্ঠীর বিরুদ্ধে প্রায় ৭৩,০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ ইডি এবং সিবিআই-কে ‘গয়ংগচ্ছ’ মনোভাব ত্যাগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণ, তদন্ত প্রক্রিয়ায় এক ধরণের অনীহা পরিলক্ষিত হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মামলাকারী ইএএস শর্মার পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই কঠোর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। বিশেষত, ৩,০০০ কোটি টাকার ঋণ মাত্র ২৬ কোটি টাকায় নিষ্পত্তি করার বিষয়টি আদালতের নজরে আনা হয়। অন্যদিকে, সলিসিটার জেনারেল জানান যে ইতিমধ্যে ১৫,০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।
শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তকে যুক্তিগ্রাহ্য পরিণতিতে পৌঁছাতে হবে। সিবিআই ও ইডি-কে আগামী চার সপ্তাহের মধ্যে নতুন ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতিদের মতে, সাধারণ মানুষের আমানত ও ব্যাঙ্কিং ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করতে এই তদন্তে কোনো প্রকার আপস করা চলবে না। পরবর্তী শুনানি চার সপ্তাহ পর অনুষ্ঠিত হবে।