অনিল আম্বানির ১৭ তলা বিলাসবহুল আবাসন ‘অ্যাবোড’ বাজেয়াপ্ত করল ইডি

ব্যাঙ্ক ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির মুম্বাইয়ের পালি হিলের ১৭ তলা ভবন ‘অ্যাবোড’ বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৬৬ মিটার উঁচু এই বিলাসবহুল প্রাসাদে হেলিপ্যাড, সুইমিং পুল ও জিমসহ অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। রিলায়েন্স কমিউনিকেশনসের (আরসিওএম) বকেয়া ঋণের তদন্তে ৬৬ বছর বয়সী আম্বানিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থা।
তদন্তে জানা গেছে, ব্যক্তিগত গ্যারান্টি ও দায়বদ্ধতা থেকে বাঁচতে সম্পত্তিটি একটি পারিবারিক ট্রাস্টের অধীনে রাখা হয়েছিল। ইডির দাবি, ঋণদাতা ব্যাঙ্কগুলিকে বঞ্চিত করে সম্পদ কুক্ষিগত করতেই এই কর্পোরেট পুনর্গঠন করা হয়। প্রায় ৩,৭১৬ কোটি টাকা মূল্যের এই সম্পত্তিটি অনিল আম্বানি ও তাঁর পরিবারই ব্যবহার করতেন।
আরসিওএম ও সহযোগী সংস্থাগুলোর কাছে দেশি-বিদেশি মিলিয়ে মোট বকেয়া ঋণের পরিমাণ ৪০,১৮৫ কোটি টাকা। এই মামলায় এ পর্যন্ত প্রায় ১৫,৭০০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে ইডির দপ্তরে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন অনিল আম্বানি। এর আগে গত বছরের আগস্টেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।