অন্ধকারের সুযোগে ম্যানগ্রোভ নিধন: বনদপ্তরের নাকের ডগায় জেসিবি দিয়ে মাটি কাটার অভিযোগ

অন্ধকারের সুযোগে ম্যানগ্রোভ নিধন: বনদপ্তরের নাকের ডগায় জেসিবি দিয়ে মাটি কাটার অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ শিবগঞ্জ এলাকায় রাতের অন্ধকারে রমরমিয়ে চলছে ম্যানগ্রোভ ধ্বংসের কাজ। অভিযোগ, ফরেস্ট অফিসের ঢিল ছোড়া দূরত্বে কার্জনক্রিক নদীর তীরে বড় বড় গাছ কেটে সাবাড় করছে দুষ্কৃতীরা। শনিবার রাতে জেসিবি নামিয়ে একদিকে যেমন বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, তেমনই নদীর চরের মাটি কেটে বড় গর্ত তৈরি করে তা রাস্তার পাশে মজুত করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা দীপককুমার দাস ও শুভ্রাংশুশেখর নায়েকের দাবি, বনদপ্তরের অফিসের এত কাছে কীভাবে এমন বেআইনি কাজ চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। ম্যানগ্রোভ নিধনের ফলে সুন্দরবনের এই অঞ্চলের অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ইতিমিধ্যেই এই ঘটনার বিষয়ে বনদপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

এই বিষয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা জানান, সুন্দরবনের রক্ষাকবচ হলো ম্যানগ্রোভ, যা ধ্বংস করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *