অন্ধ্র নির্বাচনে মধ্যরাতে ১৭ লক্ষ ভোট! ৬ সেকেন্ডের ব্যবধানে ভোটদান নিয়ে বিস্ফোরক নির্মলা-পতি

অন্ধ্র নির্বাচনে মধ্যরাতে ১৭ লক্ষ ভোট! ৬ সেকেন্ডের ব্যবধানে ভোটদান নিয়ে বিস্ফোরক নির্মলা-পতি

অন্ধ্রপ্রদেশের ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে জালিয়াতির গুরুতর অভিযোগ তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তথা অর্থনীতিবিদ পরকলা প্রভাকর। তাঁর দাবি, নির্বাচনের দিন মধ্যরাতের পর অবিশ্বাস্য গতিতে প্রায় ১৭ লক্ষ ভোট নথিভুক্ত করা হয়েছে। যেখানে একটি ভোট দিতে গড়ে মাত্র ৬ সেকেন্ড সময় লেগেছে বলে তথ্যে উঠে এসেছে। দিল্লি এক সংবাদ সম্মেলনে প্রভাকর প্রশ্ন তুলেছেন, ইভিএম রিস্টার্ট হতেই যেখানে ১৪ সেকেন্ড সময় লাগে, সেখানে কোন জাদুবলে এত দ্রুত ভোটদান সম্পন্ন হলো।

পরিসংখ্যান অনুযায়ী, ওইদিন রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত প্রায় ৫২ লক্ষ ভোট পড়েছিল, যার বড় অংশই জমা হয়েছে মধ্যরাতের পর। রাত পৌনে ১২টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৭৬.৫০ শতাংশ, যা চারদিন পর চূড়ান্ত হিসেবে বেড়ে দাঁড়ায় ৮১.৭৯ শতাংশে। নির্বাচনের এই অসংগতি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি এবং আইনজীবী প্রশান্ত ভূষণও। তাঁরা ভোটের স্বচ্ছতা বজায় রাখতে ১৭সি ফর্ম প্রকাশ এবং ভিভিপ্যাট স্লিপ গণনা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন।

নির্বাচন কমিশন অবশ্য এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের কোনো প্রার্থী এই বিষয়ে নির্দিষ্ট অভিযোগ তোলেননি এবং ফলাফল ঘোষণার দীর্ঘ সময় পর এ ধরনের দাবি করা ‘অসাংবিধানিক’। উল্লেখ্য, ২০২৪ সালের ওই নির্বাচনে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন এনডিএ জোট বিশাল জয় পেয়েছিল। বর্তমানে কেন্দ্রে মোদি সরকারের টিকে থাকার পেছনে টিডিপির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই রাজ্যের ভোটের স্বচ্ছতা নিয়েই এখন দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *