অপারেশন থিয়েটারে যাওয়ার আগে নাফিসা আলির প্রার্থনা ‘জয়ী হোক তৃণমূল’

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত প্রাক্তন মিস ইন্ডিয়া ও প্রবীণ অভিনেত্রী নাফিসা আলি শোঢি বর্তমানে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অসুস্থতার কারণে একাধিক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হলেও রাজনীতির ময়দান থেকে মন সরাতে পারেননি তিনি। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হাসপাতালের বিছানা থেকেই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নাফিসা আলি অভিযোগ করেছেন যে, নির্বাচনী কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (এসআইআর) মাধ্যমে লক্ষাধিক মুসলিম ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার নেপথ্যে বিজেপির মদত রয়েছে বলে তিনি দাবি করেন। নিজের শারীরিক অসুস্থতার কারণে সরাসরি ভোটের লড়াইয়ে সামিল হতে না পারলেও তৃণমূল কংগ্রেসের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন তিনি।
নাফিসা জানান, তাঁর সামনেই একটি বড় অস্ত্রোপচার রয়েছে, তবুও তাঁর প্রার্থনা যেন বাংলায় তৃণমূল কংগ্রেসই জয়ী হয়। ১৯৭৮ সালে ‘জুনুন’ সিনেমা দিয়ে বিনোদন জগতে পা রাখা এই অভিনেত্রী অতীতেও কংগ্রেস ও তৃণমূলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই কঠিন শারীরিক পরিস্থিতির মধ্যেও বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের উদ্বেগের কথা সরাসরি ব্যক্ত করেছেন তিনি।