অফ-ফর্মে থাকা পন্থকে গোয়েঙ্কার কড়া বার্তা? স্টার্কহীন দিল্লি শিবিরে দুশ্চিন্তার মেঘ

আইপিএল ২০২৬ শুরুর আগেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের প্রতি ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। গত মরশুমে রেকর্ড মূল্যে দলে এলেও পন্থের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সম্প্রতি গোয়েঙ্কা লিখেছেন যে, তিনি মানুষকে কেবল কাজের সময় দিয়ে নয়, বরং ফলাফল বা ‘আউটপুট’ দিয়ে বিচার করেন। বিশেষজ্ঞ মহলের ধারণা, অধিনায়ক পন্থকে পরোক্ষভাবে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন কর্ণধার।
সাফল্য না পেলে গোয়েঙ্কার কঠোর মনোভাব নতুন কিছু নয়। এর আগে লখনউয়ের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলকেও মাঠের মধ্যেই তাঁর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। গত মরশুমে দলের ব্যর্থতায় পন্থের ওপর তিনি একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন। ফলে ১ এপ্রিল দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে পন্থের ওপর পাহাড়প্রমাণ চাপ তৈরি হয়েছে। পারফরম্যান্সের উন্নতি না হলে তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
অন্যদিকে, আসর শুরুর মুখে বড়সড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস শিবির। তারকা অজি পেসার মিচেল স্টার্ক চোটের কারণে এখনও মাঠের বাইরে। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁকে আইপিএল খেলার অনাপত্তি পত্র দিতে নারাজ। দলের প্রধান বোলিং অস্ত্রকে হারিয়ে এখন চরম অনিশ্চয়তার মুখে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। পরিস্থিতি সামলাতে বিকল্প পেসারের সন্ধানে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।