অব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট কি আপনার বিপদ বাড়াচ্ছে অজান্তেই গুনতে হতে পারে বড় মাশুল

অপ্রয়োজনীয় বা অব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখা আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় পুরনো স্যালারি অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সের খাতায় লেনদেন না করলে ব্যাংক মোটা অঙ্কের পেনাল্টি কাটতে শুরু করে। এর ফলে অ্যাকাউন্টের টাকা শেষ হওয়া ছাড়াও ব্যালেন্স নেতিবাচক হয়ে যেতে পারে। এছাড়া অ্যাকাউন্টের সাথে ওভারড্রাফট বা ইএমআই যুক্ত থাকলে বকেয়া পরিশোধ না হওয়ায় আপনার ক্রেডিট স্কোর বা সিভিল রেটিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।
সক্রিয় নজরদারির অভাবে এই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টগুলো সাইবার অপরাধীদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। মোবাইল নম্বর বা ইমেল আপডেট না থাকলে কোনো সন্দেহজনক লেনদেনের তথ্যও আপনার কাছে পৌঁছাবে না। তাই নিরাপত্তা নিশ্চিত করতে অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো কেবল খালি না রেখে ব্যাংকে গিয়ে যথাযথ প্রক্রিয়ায় বন্ধ করা জরুরি। বন্ধ করার আগে স্টেটমেন্ট ডাউনলোড করা এবং অটো-ডেবিট বা ভর্তুকির সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কি না তা নিশ্চিত করা বুদ্ধিমানের কাজ হবে।