অভিনেতা রাহুলের মৃত্যুতে শৈবাল-লীনার বিরুদ্ধে এফআইআর, মধ্যরাতে তালসারি থানায় প্রিয়াঙ্কা-প্রসেনজিৎ

অভিনেতা রাহুলের মৃত্যুতে শৈবাল-লীনার বিরুদ্ধে এফআইআর, মধ্যরাতে তালসারি থানায় প্রিয়াঙ্কা-প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুতে এবার আইনি পদক্ষেপ নিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার মধ্যরাতে তালসারি থানায় গিয়ে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। এই সময় তাঁর পাশে ছিলেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ জানান, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানেই এই অভিযোগ জানানো হয়েছে।

অভিযোগে পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও গাফিলতির দাবি তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছিল। এর ফলে গত ২৯ মার্চ তালসারিতে অভিনেতার মৃত্যু ঘটে। এছাড়া মৃত্যুর পর প্রকৃত তথ্য গোপনের চেষ্টাও করা হয়েছে বলে দাবি প্রিয়াঙ্কার।

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জলে ডুবে মৃত্যুর কথা বলা হলেও ঘটনার পারিপার্শ্বিকতা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। আর্টিস্ট ফোরাম ইতিমধ্যেই রিজেন্ট পার্ক থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে। রাহুলের পরিবারের দাবি, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য সামনে আসুক। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডের অন্দরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *