অভিষেক আসার আগেই রণক্ষেত্র নওদার সভাস্থল! তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব আর চেয়ার ছোড়াছুড়ি

অভিষেক আসার আগেই রণক্ষেত্র নওদার সভাস্থল! তুঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব আর চেয়ার ছোড়াছুড়ি

মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই তুলকালাম কাণ্ড। নওদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ আর গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একেবারে রণক্ষেত্রের চেহারা নিল সভাস্থল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পৌঁছোনোর আগেই মেজাজ হারালেন কর্মীরা। রীতিমতো চেয়ার ছোড়াছুড়ি থেকে শুরু করে মারধরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে।

নওদয় তৃণমূলের অন্দরে ফাটল দীর্ঘদিনের। একদিকে বিদায়ী বিধায়ক তথা এবারের প্রার্থী সাহিনা মমতাজের গোষ্ঠী, আর অন্যদিকে সাংসদ আবু তাহের খান ও তাঁর ভাগ্নে সফিউজ্জামান হাবিবের অনুগামীরা। রবিবার বিকেলে সভা শুরুর আগে সামনের সারিতে বসা নিয়ে বিবাদের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এক তৃণমূল কর্মী সরাসরি মঞ্চের সামনে গিয়ে অভিযোগ করেন যে, তাঁকে আসন থেকে জোর করে তুলে মারধর করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি সাফ জানান, যারা দলের জার্সি পরে অন্য দলের হয়ে খেলছেন, তাদের এক মাসের মধ্যে ‘লাল কার্ড’ দেখিয়ে আজীবনের জন্য মাঠের বাইরে করে দেওয়া হবে। যদিও প্রার্থী সাহিনা মমতাজের দাবি, এটি পরিকল্পিত চক্রান্ত। অন্যদিকে হাবিবের মতে, আবেগের বশেই কর্মীরা এমনটা করেছেন। সব মিলিয়ে হাইভোল্টেজ সভার আগেই তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ফের প্রকাশ্যে চলে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *