অমিতাভকেও ছাপিয়ে গেলেন কমল হাসান কল্কি ২ এর এক দিনের শুটিংয়ে কত কোটি নিচ্ছেন অভিনেতা

বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিস লড়াই এবার পারিশ্রমিকের অঙ্কেও ছাপিয়ে গেল। ভারতের মেগাবাজেট সিনেমা ‘কল্কি ২’ ঘিরে এখন বিনোদন জগতে জোর চর্চা। বিশেষ করে অমিতাভ বচ্চনকে টপকে কমল হাসানের পারিশ্রমিক নেওয়ার খবরটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রায় চার দশক পর এই দুই কিংবদন্তিকে রুপালি পর্দায় একসঙ্গে দেখার অপেক্ষায় দর্শকরা মুখিয়ে থাকলেও, নেপথ্যের পারিশ্রমিক বিতর্ক এখন শিরোনামে।
পরিচালক নাগ অশ্বীনের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার সিক্যুয়েলের শুটিং সম্প্রতি হায়দরাবাদে শুরু হয়েছে। ছবিতে ‘সুপ্রিম ইয়াসকিন’-এর চরিত্রে অভিনয় করছেন কমল হাসান। দক্ষিণী পরিচালক ও অভিনেতা যুগী সেতুর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তিনি জানিয়েছেন, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম কিস্তিতে মাত্র ১০ দিনের শুটিংয়ের জন্য কমল হাসান প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সেই হিসেবে এক এক দিনের শুটিংয়ের জন্য তার আয় ছিল আকাশছোঁয়া।
শোনা যাচ্ছে, সিক্যুয়েল অর্থাৎ ‘কল্কি ২’-এর জন্য কমল হাসান তার পারিশ্রমিকের অঙ্ক আরও বাড়িয়েছেন। খবরের গুঞ্জন অনুযায়ী, এই ছবির জন্য প্রতিদিনের শুটিং বাবদ তিনি প্রায় ১৮ কোটি টাকা নিচ্ছেন। বিপরীতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করা অমিতাভ বচ্চনের পারিশ্রমিক এর চেয়ে অনেকটাই কম বলে জানা গেছে, যদিও বিগ বি-র সঠিক অঙ্কটি এখনও গোপন রাখা হয়েছে।
কুরুক্ষেত্র যুদ্ধের ছয় হাজার বছর পরের পটভূমিতে নির্মিত এই সায়েন্স ফিকশন ড্রামায় সুপ্রিম ইয়াসকিনের ষড়যন্ত্র রুখতে অশ্বত্থামার লড়াই দেখা যাবে। যদি কমল হাসানের এই বিপুল পারিশ্রমিকের খবর সত্যি হয়, তবে ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন রেকর্ড গড়তে চলেছেন এই দক্ষিণী মহাতারকা।