অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতাদের উদ্দেশ্য করে কুরুচিকর ও প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নির্বাচনী জনসভা ও সাংবাদিকদের সামনে সাংসদ যে ধরণের শব্দ ব্যবহার করেছেন, তা আদর্শ আচরণবিধির চরম লঙ্ঘন। বিজেপি নেতা শিশির বাজোরিয়া এ দিন কমিশনের কাছে তৃণমূল সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।
বিজেপির পক্ষ থেকে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ‘দাদাগিরি খতম’ করার মতো হুঁশিয়ারি দিয়েছেন। পদ্ম শিবিরের অভিযোগ, এই ধরণের কুরুচিকর ভাষা ব্যবহারের মাধ্যমে জনমানসে ঘৃণা ও মেরুকরণের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।
নির্বাচন কমিশনের কাছে বিজেপি দাবি জানিয়েছে, ভবিষ্যতে এই ধরণের উসকানিমূলক মন্তব্য থেকে তৃণমূল নেতৃত্বকে বিরত থাকতে কড়া সতর্কতা জারি করা হোক। একইসঙ্গে বিতর্কিত ভিডিওটি সেন্সর করারও আবেদন জানানো হয়েছে। বিজেপি নেতৃত্বের মতে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এহেন ব্যক্তিগত আক্রমণ তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিকেই প্রতিফলিত করে, যা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করার একটি পরিকল্পিত চক্রান্ত।