অমিত শাহকে নিশানা করে ‘কুরুচিকর’ মন্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে বিজেপি

অমিত শাহকে নিশানা করে ‘কুরুচিকর’ মন্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে বিজেপি

নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে কুরুচিকর ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। রবিবার বিজেপি নেতা শিশির বাজোরিয়া কমিশনের কাছে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পত্রে তৃণমূল সাংসদের বিতর্কিত বক্তব্যের ভিডিও ফুটেজও সংযুক্ত করা হয়েছে।

বিজেপির দাবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজনৈতিক শালীনতা ও নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে। সম্প্রতি এক প্রচার সভায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “১৫ মাস থাকুন, আপনার দাদাগিরি খতম করে দেব।” এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি জানিয়েছে, এ ধরনের ভাষা বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং এটি সরাসরি ভোটারদের প্ররোচিত করার চেষ্টা।

বিজেপি নেতৃত্ব কমিশনকে দেওয়া চিঠিতে ভবিষ্যতে তৃণমূল নেতাদের এ জাতীয় আচরণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে। গেরুয়া শিবিরের মতে, জনসমক্ষে এ ধরনের হিংসাত্মক ও রুচিহীন মন্তব্য গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *