অমিত শাহকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে বিপাকে কুণাল ও চন্দ্রিমা, নালিশ নিয়ে কমিশনে বিজেপি

অমিত শাহকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে বিপাকে কুণাল ও চন্দ্রিমা, নালিশ নিয়ে কমিশনে বিজেপি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কুরুচিকর ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। সম্প্রতি অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর ও ‘রাজ্যে ১৫ দিন থাকার’ ঘোষণার প্রেক্ষিতে তৃণমূল নেতাদের পাল্টা মন্তব্য ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির।

বিজেপির অভিযোগ অনুযায়ী, তৃণমূলের এই দুই নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের প্রতিক্রিয়া দিতে গিয়ে কার্যত হুঁশিয়ারির সুরে মন্তব্য করেছেন। কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন, “ক্ষমতা থাকলে বলুন, ভোটের ফল ঘোষণার পরে একদিন কলকাতায় থাকব।” বিজেপির দাবি, এই ধরণের মন্তব্য কেবল আদর্শ আচরণবিধির লঙ্ঘন নয়, বরং সাধারণ ভোটারদের মনে এবং বিজেপি কর্মীদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টির এক সুপরিকল্পিত চেষ্টা।

রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধরণের মন্তব্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন চলাকালীন নেতাদের বাকযুদ্ধ স্বাভাবিক হলেও, তৃণমূলের এই মন্তব্যকে শাসক দলের প্রচ্ছন্ন হুমকি হিসেবেই দেখছে বিজেপি নেতৃত্ব। তাই জনমানসে শান্তি বজায় রাখতে এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়েছে। এখন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *