অমিত শাহকে সংবর্ধনা দেওয়া সেই ‘কয়লা মাফিয়া’ এখন বিজেপির বড় নেতা, তুঙ্গে রাজনৈতিক তরজা

অমিত শাহকে সংবর্ধনা দেওয়া সেই ‘কয়লা মাফিয়া’ এখন বিজেপির বড় নেতা, তুঙ্গে রাজনৈতিক তরজা

বিজেপির আসানসোল সাংগঠনিক জেলায় স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেলেন বিতর্কিত কয়লা ব্যবসায়ী জয়দেব খাঁ। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বুধবার দুর্গাপুরে জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

তৃণমূলের অভিযোগ, বিজেপি মুখে ‘মাফিয়া রাজ’ ও ‘সিন্ডিকেট রাজ’ নির্মূল করার কথা বললেও বাস্তবে কয়লা মাফিয়াদের আশ্রয় দিচ্ছে। নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন, জয়দেব খাঁ দীর্ঘকাল ধরে অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত এবং তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্ক রয়েছে। বছরখানেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফুল দিয়ে সংবর্ধনা জানাতে এবং প্রাক্তন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গেও তাঁকে দেখা গিয়েছিল। তৃণমূলের দাবি, সমাজবিরোধীদের দলে টেনে বিজেপি এখন ‘ওয়াশিং মেশিনে’ ধুয়ে তাঁদের স্বচ্ছ করার চেষ্টা করছে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজু ঝায়ের মতো বিতর্কিত ব্যক্তিত্বের বিজেপিতে যোগদান নিয়ে শোরগোল পড়েছিল। এবার আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের সই করা প্যাডে জয়দেব খাঁকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও বিজেপির ‘স্বচ্ছ রাজনীতি’ নিয়ে প্রশ্ন তুলেছে। শাসকদলের মতে, নির্বাচনের আগে পেশিশক্তি ব্যবহার করে ভোটারদের ভয় দেখাতেই বিজেপি এই কৌশল নিয়েছে।

পাল্টা জবাবে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি শাসকদলের নেতাদের বিঁধে বলেন, জয়দেব খাঁ কে তা নিয়ে প্রশ্ন তোলার আগে তৃণমূল নিজেদের ঘরের দিকে তাকাক। তিনি অভিযোগ করেন, বীরবাহাদুর সিং এবং গৌতম ঘোষের মতো ব্যক্তিরা এখনও বালি ও কয়লার অবৈধ কারবার চালিয়ে যাচ্ছেন। জয়দেব খাঁকে নিয়ে বিতর্কের মাঝেই শিল্পাঞ্চলের দুই প্রধান রাজনৈতিক শিবিরের মধ্যে কাদা ছোড়াছুড়ি এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *