অমৃত ভারত ট্রেনের নতুন রূপ সাধারণ যাত্রীদের স্বাচ্ছন্দ্যে রেলমন্ত্রীর বিশেষ পরিদর্শন

নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে অমৃত ভারত ট্রেনের অত্যাধুনিক কোচ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যাত্রীদের আরামদায়ক সফরের ওপর জোর দিয়ে তিনি জানান, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ‘নেক্সট জেনারেশন’ কোচে আসন বিন্যাস থেকে শুরু করে মেঝের নকশায় আমূল পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে গদিযুক্ত আসন এবং উন্নত অগ্নি নির্বাপণ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রান্তিক স্তরের মানুষের জন্য সাশ্রয়ী পরিষেবা হিসেবে এই ট্রেন পরিচিত হলেও, নতুন এসি কোচ যুক্ত হওয়ার জল্পনা সাধারণ যাত্রীদের উদ্বেগে রেখেছে। নন-এসি থেকে এসি কোচে রূপান্তর হলে স্বাভাবিকভাবেই টিকিটের দাম বাড়তে পারে। তবে ভাড়া বৃদ্ধির সম্ভাবনা নিয়ে রেল বোর্ড বা মন্ত্রক এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেয়নি।
পুরো ট্রেনটিতে পর্দার ব্যবহার এবং উন্নত অভ্যন্তরীণ সাজসজ্জার মাধ্যমে রেলের মানোন্নয়নের চেষ্টা করা হয়েছে। রেলমন্ত্রকের দাবি, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে যাত্রীরা আরও নিরাপদ ও উন্নত অভিজ্ঞতা পাবেন। তবে আধুনিকীকরণের এই প্রচেষ্টায় ট্রেনের সাশ্রয়ী চরিত্র কতটা বজায় থাকবে, সেটাই এখন দেখার বিষয়।