অরিজিৎ সিংয়ের জাদুকরী কণ্ঠে জুনায়েদ ও সাই পল্লবীর প্রেমের রসায়ন জিতে নিল দর্শক মন

আমির খানের প্রযোজনায় বলিউডে এক নতুন প্রেমের আখ্যান নিয়ে আসছেন জুনায়েদ খান এবং দক্ষিণী তারকা সাই পল্লবী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের অভিনীত ‘একদিন’ ছবির ট্রেলার। এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমা জগতে পা রাখতে চলেছেন সাই পল্লবী। একতরফা ভালোবাসার এক আবেগঘন গল্প নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্রটি।
গল্পের প্রেক্ষাপটে দেখা যায়, মীরা নামক এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, যার প্রেমে মগ্ন রোহন ওরফে জুনায়েদ খান। কিন্তু নিজের ভালোবাসার কথা মীরাকে কোনোদিন জানাতে পারে না রোহন। মীরা তাকে শুধুই বন্ধু হিসেবে দেখে। রোহনের এই লুকানো প্রেমের পরিণতি এবং তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়েছে ছবির কাহিনী। সিনেমার বড় একটি অংশের শুটিং হয়েছে জাপানের মনোরম লোকেশনে।
এই ছবির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছেন অরিজিৎ সিং। প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণার পর এটিই হতে চলেছে তার কণ্ঠে গাওয়া প্রথম গান। ট্রেলারের আবহ সঙ্গীতে অরিজিতের কণ্ঠ ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আমির খানের বিশ্বাস, অরিজিতের গান এবং জুনায়েদ-সাই পল্লবীর পর্দার রসায়ন দর্শকদের হলমুখী করবে। আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘একদিন’। তবে বড় পর্দায় এই নতুন জুটি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।