অরুণাচল প্রদেশে ভয়াবহ দাবানল: ৬৬ হাজার লিটার জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনল বায়ুসেনা

অরুণাচল প্রদেশের পাসিঘাটের মেবো এবং সিগার এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বনের আগুন দ্রুত জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নামে ভারতীয় বায়ুসেনা।
আগুন নিয়ন্ত্রণে আনতে বায়ুসেনার একটি ‘Mi-17 V5’ হেলিকপ্টার মোতায়েন করা হয়। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বায়ুসেনা জানিয়েছে, আকাশপথে একাধিক অভিযানের মাধ্যমে ৬৬ হাজার লিটার জল ঢেলে আগুনের লেলিহান শিখা দমন করা হয়েছে। বাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
প্রসংগত, দুর্গম পাহাড়ি এলাকায় আগুন নেভানো চ্যালেঞ্জিং হলেও বায়ুসেনা অত্যন্ত নিখুঁতভাবে এই অপারেশন পরিচালনা করে। এর আগেও গত ফেব্রুয়ারিতে রাজ্যের ওয়ালং অঞ্চলে একইভাবে ১ লক্ষ ৩৯ হাজার ৮০০ লিটার জল ঢেলে বড় দাবানল নিয়ন্ত্রণে এনেছিল ভারতীয় বায়ুসেনা।