অর্থনৈতিক সংকটে পাকিস্তান: সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ ফেরতের কড়া তাগাদা আরব আমিরশাহির

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, ঠিক তখনই পাকিস্তানকে দেওয়া সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ দ্রুত ফেরতের তাগাদা দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। তিন দশক আগের পুরনো পাওনা থেকে শুরু করে সাম্প্রতিক ঋণের মেয়াদ শেষ হওয়ায় এই বিপুল পরিমাণ অর্থ ফেরতের চাপে পড়েছে ইসলামাবাদ। কূটনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের এই আবহে বিশাল অঙ্কের এই দাবি পাকিস্তানের বর্তমান নড়বড়ে আর্থিক অবস্থাকে আরও গভীর সংকটে ফেলেছে।
পাক সরকার জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে মজুত থাকা ১৬.৪ বিলিয়ন ডলার বিদেশি মুদ্রা তহবিল থেকেই এই অর্থ পরিশোধ করা হবে। আগামী ১১ এপ্রিল প্রথম কিস্তিতে ৪৫০ মিলিয়ন ডলার এবং পরবর্তী পর্যায়ে ১৭ ও ২৩ এপ্রিলের মধ্যে বাকি ৩ বিলিয়ন ডলার মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিন দশক ধরে অমীমাংসিত থাকা ঋণের পাশাপাশি গত জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়া ঋণের সময়সীমা বাড়াতে আমিরশাহি রাজি না হওয়ায় পরিস্থিতি জটিল রূপ নিয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশি মুদ্রার ১৮ শতাংশ এই ঋণ পরিশোধে ব্যয় হলে পাকিস্তানি রুপির মান হু হু করে পড়ে যেতে পারে। এর ফলে আমদানি বাণিজ্য ব্যাহত হওয়া এবং মুদ্রাস্ফীতি চরমে পৌঁছানোর প্রবল সম্ভাবনা রয়েছে। তড়িঘড়ি কোনো বিকল্প আর্থিক ব্যবস্থা করতে না পারলে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।