অর্ধশতাব্দী পর চাঁদের পথে নাসা, চার মহাকাশচারীকে নিয়ে ওড়ল ওরিয়ন

অর্ধশতাব্দী পর চাঁদের পথে নাসা, চার মহাকাশচারীকে নিয়ে ওড়ল ওরিয়ন

দীর্ঘ পাঁচ দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার মহাকাশচারীকে নিয়ে চাঁদের অভিমুখে যাত্রা করল নাসার শক্তিশালী মহাকাশযান ‘ওরিয়ন’। বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ভারতীয় সময় অনুযায়ী ভোরে স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। ১৯৭২ সালে অ্যাপোলো অভিযান শেষ হওয়ার পর এটিই নাসার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী চন্দ্রাভিযান, যার নাম দেওয়া হয়েছে ‘আর্টিমিস ২’।

অভিযানে শামিল হয়েছেন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন। এই চার সদস্যের প্রতিনিধি দলে প্রথমবারের মতো কোনো নারী এবং কানাডার মহাকাশচারী অন্তর্ভুক্ত রয়েছেন। যদিও এই যাত্রায় তাঁরা সরাসরি চাঁদের মাটিতে অবতরণ করবেন না, তবে উপগ্রহটির অত্যন্ত কাছ থেকে বিভিন্ন কারিগরি পরীক্ষা ও মহাকাশযানের লাইফ সাপোর্ট সিস্টেম খতিয়ে দেখবেন।

১০ দিনের এই মিশন সফল হলে ২০২৮ সালে চাঁদে সরাসরি মানুষ নামানোর পথ প্রশস্ত হবে। বর্তমানে মহাকাশচারীরা চাঁদের কক্ষপথের কাছাকাছি থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন এবং অভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন। বিরূপ আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটির কথা মাথায় রেখে বিকল্প সময়ও নির্ধারণ করে রেখেছে নাসা। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে আমেরিকার এই পদক্ষেপকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *