অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, ২৪ এপ্রিল গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, ২৪ এপ্রিল গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বড় পদক্ষেপ হিসেবে আগামী ২৪ এপ্রিল উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন সফরে যাচ্ছে বিশেষ প্রতিনিধি দল। বেতন কাঠামো, মহার্ঘ ভাতা এবং পেনশন সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর ২০২৫-এ গঠিত এই কমিশনকে আগামী ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সফরের মূল উদ্দেশ্য হলো সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের অভাব-অভিযোগ সরাসরি শোনা এবং বেতন কাঠামোর আমূল পরিবর্তনের বিষয়ে মতামত গ্রহণ করা।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারী সংগঠন, পেনশনভোগী ইউনিয়ন এবং স্বতন্ত্র সংস্থাসমূহ এই বৈঠকে তাদের সুচিন্তিত মতামত ও দাবি পেশ করতে পারবেন। যে সমস্ত সংগঠন সরাসরি প্রতিনিধি দলের সাথে দেখা করতে ইচ্ছুক, তাদের আগামী ১০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ইমেল ঠিকানায় (manish.kr1975@nic.in) অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। বৈঠকের সুনির্দিষ্ট সময় ও স্থান পরবর্তীকালে ইমেলের মাধ্যমেই আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে বলে দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন সংশোধন এবং অবসরপ্রাপ্তদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষে আয়োজিত এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিপূর্বে কমিশন কর্তৃক প্রকাশিত প্রশ্নাবলী জমা দেওয়ার সময়সীমা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এখন পরবর্তী ধাপে সরাসরি মতবিনিময়ের ওপর জোর দেওয়া হচ্ছে। সকল স্টেকহোল্ডারকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে কমিশনের অফিসিয়াল পোর্টালে তাদের চূড়ান্ত সুপারিশ বা মতামত জমা দিতে বলা হয়েছে।

এই বৈঠকের সুপারিশগুলোই আগামী দিনে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করবে। বিশেষ করে নূন্যতম মূল বেতন বৃদ্ধি এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে যে জল্পনা চলছে, তা এই আলোচনার মাধ্যমেই নতুন গতি পেতে পারে বলে মনে করা হচ্ছে। সারা দেশের সরকারি মহলের নজর এখন ২৪ এপ্রিলের এই হাই-ভোল্টেজ বৈঠকের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *