আসামে নির্বাচনের মুখে পুলিশ শিবিরে গ্রেনেড হামলা, আহত ৪ জওয়ান

অসমে নির্বাচনের মুখে পুলিশ শিবিরে গ্রেনেড হামলা, আহত ৪ জওয়ান

আগামী ৯ এপ্রিল আসামে বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালে তিনসুকিয়া জেলার জাগুন এলাকায় পুলিশ কমান্ডো শিবির লক্ষ্য করে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে অরুণাচল-আসাম সীমান্তের নিকটবর্তী এই শিবিরে অন্তত পাঁচটি গ্রেনেড বা আরপিজি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এই অতর্কিত বিস্ফোরণে চারজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।

আহত জওয়ানদের উদ্ধার করে দ্রুত ডিব্রুগড়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং অপরাধীদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলা প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও কোনো মন্তব্য করা না হলেও, স্থানীয় মহলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা সূত্রের অনুমান, এই নাশকতার নেপথ্যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আলফা (আই)-এর হাত থাকতে পারে। আলফার মূল অংশ শান্তি চুক্তিতে সই করলেও একটি গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে। ভোটের আগে পুনরায় তাদের এই তৎপরতা প্রশাসনিক স্তরে উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহলদারি বৃদ্ধি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *