আসামে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা, জালুকবাড়িতেই লড়ছেন হিমন্ত

অসমে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা, জালুকবাড়িতেই লড়ছেন হিমন্ত

আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজিয়ে প্রথম দফায় ৮৮ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রত্যাশা মতোই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর দীর্ঘদিনের জয়ের গড় জালুকবাড়ি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০০১ সাল থেকে টানা পাঁচবার এই আসনে জয়ী হওয়া হিমন্তের ওপরই দল ফের আস্থা রেখেছে। উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে গেরুয়া শিবির এবারও তাঁর নেতৃত্বেই নির্বাচনী লড়াইয়ে নামছে।

তালিকায় বিশেষ চমক হিসেবে রয়েছেন কংগ্রেস ছেড়ে আসা একাধিক হেভিওয়েট নেতা। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ এবং সাংসদ প্রদ্যুৎ বরদলুইকে প্রার্থী করেছে দল। প্রদ্যুৎ বরদলুই লড়াই করবেন দিশপুর আসন থেকে এবং ভূপেন বোরাহ লড়বেন বিহপুরিয়া কেন্দ্রে। দলবদলু এই নেতাদের গুরুত্বপূর্ণ আসনে টিকিট দেওয়া বিজেপির বিশেষ রাজনৈতিক কৌশল বলেই মনে করা হচ্ছে।

২০২১ সালের সাফল্যের ধারা বজায় রাখতে এবার অত্যন্ত সতর্কতার সাথে প্রার্থী চয়ন করেছে বিজেপি। বিশেষ করে প্রদ্যুৎ বরদলুইয়ের মতো বর্ষীয়ান সাংসদকে বিধানসভা নির্বাচনে নামিয়ে দিশপুর দখলে মরিয়া গেরুয়া শিবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন ও সাংগঠনিক শক্তির ওপর ভর করে ২০২৬ সালেও জয়ের ধারা অব্যাহত রাখাই এখন বিজেপির মূল লক্ষ্য। আগামী কয়েক দিনে বাকি আসনগুলির প্রার্থী তালিকাও স্পষ্ট হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *