আসাম নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মার বড় হুঙ্কার! ১০০ আসন জিতে ফিরছে বিজেপি?

আসন্ন বিধানসভা নির্বাচনে আসামে ফের গেরুয়া ঝড় ওঠার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। গুয়াহাটিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, এবার ১২৬টি আসনের মধ্যে বিজেপি জোট ৯৬ থেকে ১০০টি আসন দখল করবে। উল্টোদিকে কংগ্রেসের ঝুলি ১৫-২০টি আসনেই আটকে যাবে বলে তাঁর ভবিষ্যৎবাণী। আগামী ৯ এপ্রিল আসামে ভোটগ্রহণ এবং ৪ মে ফলাফল ঘোষণা হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজেপির নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করেছেন। সেখানে ৩১টি বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো— অনুপ্রবেশকারীদের দখল করা জমি উদ্ধার এবং রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ক্ষমতায় ফেরার তিন মাসের মধ্যেই আসামে ইউসিসি লাগু হবে। অনুপ্রবেশ ইস্যুতে তিনি বলেন, “যতদিন মানচিত্রে বাংলাদেশ থাকবে, ততদিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।” গত ১০ বছর ধরে আসামে এনডিএ সরকার ক্ষমতায় রয়েছে। এবারের নির্বাচনেও সেই জয়ের ধারা বজায় থাকবে বলে অত্যন্ত আত্মবিশ্বাসী হিমন্ত বিশ্ব শর্মা। মূলত জমি উদ্ধার এবং কর্মসংস্থানকেই এবারের নির্বাচনে প্রধান হাতিয়ার করছে বিজেপি।