অস্কারে ইরানি ড্রোন হামলার চরম সতর্কতা হলিউডজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

অস্কারে ইরানি ড্রোন হামলার চরম সতর্কতা হলিউডজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ঘিরে ঘনিয়ে আসছে বিপদের মেঘ। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান চরম উত্তেজনার জেরে এবার অস্কারের মঞ্চে ইরানি ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হতে যাওয়া এই মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন।

আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে অস্কারের জমকালো আসর। তবে উৎসবের আমেজ ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা উদ্বেগ। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার পশ্চিম উপকূলে ইরানের প্রতিশোধমূলক ড্রোন হামলার ঝুঁকি রয়েছে। বিশেষ করে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক সংঘাত এবং ইরানি শীর্ষ নেতার মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় হলিউডের সবচেয়ে বড় রাতটিকে নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD) এবং এফবিআই (FBI)।

বুধবার অস্কারের প্রস্তুতিমূলক এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক রাজ কাপুর জানান, তারা বিশ্ব পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। আমন্ত্রিত অতিথি, তারকা এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোন হামলা মোকাবিলায় উন্নত প্রযুক্তির ব্যবহারসহ নিরাপত্তার স্তর বহুগুণ বাড়ানো হয়েছে।

এবারের অস্কারের সঞ্চালনার দায়িত্বে থাকছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কোনান ও’ব্রায়েন। মনোনয়নের দৌড়ে ১৬টি ক্যাটাগরিতে মনোনীত হয়ে ইতিহাস গড়েছে ‘সিনার্স’ সিনেমাটি। ভারতের পক্ষ থেকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও এবার উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন। একদিকে যখন সিনেমার বার্ষিক উদযাপন নিয়ে প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে তখন ড্রোন হামলার আতঙ্ক আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *