অস্ট্রেলিয়ার ক্রিকেট মাঠে ইমরান খানের মুক্তির দাবি, আটকানো হলো সমর্থককে

মেলবোর্নের জংশন ওভালে শেফিল্ড শিল্ড ফাইনাল চলাকালীন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এক সমর্থককে স্টেডিয়ামে প্রবেশে বাধা দিলেন নিরাপত্তারক্ষীরা। লুক ব্রাউন নামক ওই সমর্থক ‘ফ্রি ইমরান খান’ লেখা জার্সি পরে মাঠে ঢুকতে চাইলে তাকে থামানো হয়। নিরাপত্তারক্ষীরা তাকে জার্সি বদলে ফেলতে অথবা বিতর্কিত অংশটি ঢেকে ফেলার নির্দেশ দিলেও তিনি তাতে রাজি হননি।
২০২৩ সাল থেকে জেলবন্দি ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের দাবি, উন্নত চিকিৎসার অভাবে ইমরান চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন। এই প্রেক্ষাপটে প্রায় ৩০ বছর ধরে ক্লাব ক্রিকেট খেলা ব্রাউন জনসমক্ষে তার প্রতিবাদ জানাতে চেয়েছিলেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করেছে যে, রাজনৈতিক বার্তা সম্বলিত পোশাক পরে মাঠে প্রবেশ নিয়মের পরিপন্থী।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানান, ইমরানের স্বাস্থ্য ও মানবাধিকার সংক্রান্ত বিষয়টি বর্তমানে বৈশ্বিক উদ্বেগের কারণ হলেও নিয়মানুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, ব্রাউন এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন যে, ক্রিকেট বিশ্বের উচিত কিংবদন্তি এই ক্রিকেটারের পাশে দাঁড়ানো। বর্তমানে ২০০-র বেশি মামলার জালে আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের মুক্তি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও এখন প্রতিবাদের সুর জোরালো হচ্ছে।