অ্যাডমিট কার্ডে ভুল থাকলেও গ্রুপ সি ও ডি পরীক্ষা দেওয়া যাবে! জেনে নিন এসএসসির বিশেষ নিয়ম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাডমিট কার্ডে ছবি অস্পষ্ট বা সই নিয়ে জটিলতা? চিন্তার দিন শেষ। আগামী ১ মার্চ ও ৮ মার্চের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলা পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শেষ মুহূর্তের এই বিশেষ সুযোগ হাতছাড়া করলে বাতিল হতে পারে পরীক্ষা।
সরাসরি পরীক্ষা কেন্দ্রেই মিলবে সমাধান
কমিশন সূত্রে জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ছবি বা সই পরিষ্কার নয়, তারা সরাসরি পরীক্ষা কেন্দ্রে গিয়েই এই ত্রুটি সংশোধন করতে পারবেন। এর আগে ৩ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংশোধনের সময় দেওয়া হলেও অনেকেরই সমস্যা মেটেনি। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশিকা
- রিপোর্টিং টাইম: পরীক্ষা শুরু দুপুর ১২টায়, তবে প্রার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছাতে হবে।
- প্রয়োজনীয় নথি: অরিজিনাল আধার কার্ড বা প্যান কার্ডের পাশাপাশি অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।
- ছবি: দুই কপি পাসপোর্ট সাইজ ছবি (স্বাক্ষরিত) সাথে রাখা বাধ্যতামূলক।
- সতর্কবার্তা: পরীক্ষা শুরুর অন্তত দু’ঘণ্টা আগে কেন্দ্রে না পৌঁছালে এবং অ্যাডমিট কার্ডের ত্রুটি সংশোধন না করলে পরীক্ষা বাতিলের সম্ভাবনা রয়েছে।
এক নজরে গ্রুপ সি ও ডি পরীক্ষা
আগামী রবিবার (১ মার্চ) গ্রুপ সি-র ২৯৮৯টি শূন্যপদের জন্য পরীক্ষা হবে। এরপর ৮ মার্চ হবে গ্রুপ ডি-র ৫৮৮৮টি পদের পরীক্ষা। মোট ১৬ লক্ষ পরীক্ষার্থী এই দুই পদের জন্য আবেদন করেছেন। রাজ্যজুড়ে ১৭০০টি সেন্টারে শিক্ষক নিয়োগ পরীক্ষার মতোই কঠোর নিরাপত্তার ঘেরাটোপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
অ্যাডমিট কার্ড নিয়ে সামান্য গাফিলতি যেন আপনার কঠোর পরিশ্রমকে নষ্ট না করে, তাই কমিশনের এই নির্দেশিকা মেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন।