অ্যাপলকে টেক্কা দিয়ে গ্যাজেট দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য জমাচ্ছে স্যামসাং

প্রযুক্তি বিশ্বে স্যামসাং এবং অ্যাপল একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। স্মার্টফোন বাজারে আধিপত্য বজায় রাখতে দুই সংস্থার মধ্যে দীর্ঘ লড়াই চললেও গ্যাজেট নির্মাণের ক্ষেত্রে দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং অনেকটাই এগিয়ে গিয়েছে। এমন বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তি ও গ্যাজেট স্যামসাং বাজারে এনেছে, যা এখন পর্যন্ত আমেরিকান টেক জায়ান্ট অ্যাপলের ঝুলিতে নেই। বিশেষ করে নিত্যনতুন এক্সপেরিমেন্ট এবং বৈচিত্র্যের কারণে স্যামসাং গ্লোবাল মার্কেটে নিজেদের অবস্থান আরও মজবুত করছে।
গ্যাজেটের লড়াইয়ে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হলো স্মার্ট রিং। স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য স্যামসাং তাদের স্মার্ট রিং বাজারে এনে রীতিমতো চমক দিয়েছে। এই বিশেষ পরিধানযোগ্য ডিভাইসটির ক্ষেত্রে অ্যাপল এখনও কোনো প্রতিদ্বন্দ্বী পণ্য তৈরি করতে পারেনি। স্মার্টওয়াচ বিভাগে অ্যাপল আধিপত্য বজায় রাখলেও স্মার্ট রিং-এর ক্ষেত্রে স্যামসাংকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো গ্যাজেট তাদের কাছে আপাতত নেই।
ফোল্ডেবল ফোনের বাজারেও স্যামসাং এক দশকের বেশি সময় ধরে রাজত্ব করছে। তারা শুধু সাধারণ ফোল্ডেবল ফোন নয়, সম্প্রতি ট্রাই-ফোল্ড ফোন লঞ্চ করে তাদের প্রযুক্তিগত উৎকর্ষ প্রমাণ করেছে। অন্যদিকে গ্রাহকরা অধীর আগ্রহে প্রথম ফোল্ডেবল আইফোনের অপেক্ষা করলেও অ্যাপল এখনও এই বিভাগে কোনো ডিভাইস বাজারে আনতে পারেনি। চলতি বছরে অ্যাপলের ফোল্ডেবল ফোন আসার সম্ভাবনা থাকলেও স্যামসাং ততদিনে বাজারে আরও উন্নত সংস্করণ নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
অডিও এবং ডিসপ্লে প্রযুক্তিতেও স্যামসাং বিশেষ ছাপ ফেলেছে। স্যামসাংয়ের পোর্টেবল স্মার্ট প্রজেক্টরগুলো আকারে ছোট হলেও উন্নত অভিজ্ঞতা প্রদানে সক্ষম, যা অ্যাপলের পোর্টফোলিওতে সম্পূর্ণ অনুপস্থিত। একইভাবে সাউন্ডবার সেগমেন্টে স্যামসাং একটি বড় নাম। অ্যাপলের হোমপড থাকলেও সরাসরি সাউন্ডবার ক্যাটাগরিতে তাদের কোনো পণ্য নেই, যা স্যামসাংকে অডিও সলিউশনের বাজারে বাড়তি সুবিধা দিচ্ছে।
এছাড়া ডিজিটাল স্টোরেজ বা এক্সটার্নাল এসএসডি (SSD) বিক্রির ক্ষেত্রেও স্যামসাং অত্যন্ত সক্রিয়। তারা নিয়মিত পোর্টেবল স্টোরেজ ডিভাইস বাজারে ছাড়ছে। অথচ অ্যাপল এখন পর্যন্ত এই ধরনের কোনো হার্ডওয়্যার তৈরি করেনি এবং অদূর ভবিষ্যতে এই বাজারে তাদের প্রবেশের সম্ভাবনাও ক্ষীণ। সব মিলিয়ে স্মার্টফোন ছাড়া অন্যান্য স্মার্ট গ্যাজেট ও অ্যাকসেসরিজের বিচারে অ্যাপলকে পেছনে ফেলে স্যামসাং অনেকটা এগিয়ে রয়েছে।