আইটি বা রিয়েল এস্টেট নয় ২০২৬ সালে বেতন বৃদ্ধিতে চমক দেবে এই বিশেষ সেক্টর

ভারতে চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির হার স্থিতিশীল হতে শুরু করলেও, সব ক্ষেত্রের কর্মীরা সমান সুবিধা পাবেন না। ডেলয়েট ইন্ডিয়া ট্যালেন্ট আউটলুক ২০২৬-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে দেশে গড় বেতন বৃদ্ধির হার ৯.১ শতাংশ হতে পারে, যা ২০২৫ সালের (৯.০ শতাংশ) তুলনায় সামান্য বেশি। বর্তমানে কো ম্পা নিগুলো ঢালাও ইনক্রিমেন্টের বদলে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে উৎপাদনশীলতা এবং কর্মীদের দক্ষতার ওপর ভিত্তি করেই বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে বেতন বৃদ্ধির দৌড়ে আইটি বা রিয়েল এস্টেটকে পেছনে ফেলে শীর্ষে থাকতে চলেছে ফার্মা ও লাইফ সায়েন্স সেক্টর। এই ক্ষেত্রে প্রায় ১০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া ম্যানুফ্যাকচারিং ও ফিন্যান্সিয়াল সার্ভিস সেক্টরেও ভালো ইনক্রিমেন্টের ইঙ্গিত মিলেছে। তবে গত কয়েক বছরের তুলনায় টেকনোলজি সেক্টর এবার অনেকটাই রক্ষণশীল। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো গত বছরের তুলনায় তাদের ইনক্রিমেন্ট বাজেট ১০ থেকে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারে।
বর্তমানে করপোরেট দুনিয়ায় পারফরম্যান্স রেটিংয়ের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। দেখা গেছে, টপ রেটিং পাওয়া কর্মীর সংখ্যা ১০ শতাংশ থেকে কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে। তবে বেতন বৃদ্ধির হার সীমিত হলেও পদোন্নতির হার বেড়েছে। ২০২৪ সালে পদোন্নতির হার ১২ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ১৪ শতাংশ হয়েছে। নিয়োগের গতি কিছুটা শ্লথ হওয়ায় বাজারে প্রতিভার সহজলভ্যতা বেড়েছে। বিশেষ করে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলো থেকে দক্ষ কর্মীর জোগান বাড়ায় সংস্থাগুলো এখন স্কিল-বেসড বা দক্ষতাভিত্তিক নিয়োগ ও উন্নয়নের দিকে বেশি জোর দিচ্ছে।