আইপিএলের জুয়ায় সর্বস্বান্ত হয়ে চরম পথ বাছলেন মালদার যুবক, এলাকা জুড়ে হাহাকার

আইপিএলকে কেন্দ্র করে চলা অবৈধ জুয়ার নেশা এবং চড়া সুদে নেওয়া ঋণের চাপে প্রাণ হারালেন মালদার এক যুবক। মঙ্গলবার সকালে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী অঞ্চলের ঝাঁঝরা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম অপু পোদ্দার (২৬)। তিনি পেশায় স্থানীয় একটি গোডাউনের কর্মী ছিলেন। ঘরে স্ত্রী, তিন বছরের সন্তান ও বৃদ্ধ বাবা-মা থাকলেও ঋণের বোঝা ও মানসিক অবসাদ শেষ পর্যন্ত তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দিল।
পরিবার সূত্রে জানা গেছে, আইপিএল শুরু হওয়ার পর থেকেই অপু জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়েন। জুয়া খেলার নেশায় স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি। খেলায় সেই টাকা হেরে যাওয়ার পর থেকেই ঋণদাতার চাপ ও দুশ্চিন্তায় চরম মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গত রবিবার দুপুর নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর তিনি আর ফিরে আসেননি। সোমবার বিকেলে মাকে ভিডিও কল করে নিজের ছেলেকে শেষবারের মতো দেখার আকুতি জানান এবং বলেন, “আমাকে আর দেখতে পাবে না।” এরপর থেকেই তাঁর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়।
স্বজনদের উৎকণ্ঠা বাড়লে তাঁরা মালদা থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে অপুর ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ একে আত্মহত্যা বলে মনে করলেও ঘটনার নেপথ্যে থাকা সুদের কারবার ও জুয়ার বিষয়টি খতিয়ে দেখছে।
অপুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে পুরাতন মালদা শহর ও সংলগ্ন এলাকায় রমরমিয়ে চলা বেআইনি জুয়া এবং মহাজনী সুদের কারবার নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঋণের দায়ে এক তরতাজা প্রাণের এই মর্মান্তিক পরিণতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।