আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে ক্ষোভ উগরে দিলেন অক্ষর প্যাটেল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রবর্তিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে। রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যর পর এবার সরাসরি এই নিয়মের বিরোধিতা করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তথা তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সোমবার এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগতভাবে এই নিয়মটি তিনি সমর্থন করেন না। তবে লিগের শৃঙ্খলা বজায় রাখতে নিয়ম মেনে নিতে তাঁর কোনো আপত্তি নেই।
অক্ষরের মতে, এই নিয়মের ফলে ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ক্রমেই হ্রাস পাচ্ছে। দলগুলো এখন বিশেষায়িত ব্যাটার বা বোলারদের ওপর বেশি নির্ভর করছে, যার ফলে অলরাউন্ডারদের ভূমিকা সংকুচিত হচ্ছে। ২০২৩ সালে চালু হওয়া এই নিয়ম অনুযায়ী, ম্যাচের যেকোনো সময় পাঁচজন বদলি ক্রিকেটারের তালিকা থেকে একজনকে নামানো সম্ভব। ২০২৭ সাল পর্যন্ত এই নিয়ম কার্যকর রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
গত মৌসুমে অক্ষরের কম বোলিং করা নিয়ে জল্পনা থাকলেও, তিনি স্পষ্ট করেছেন যে এর পেছনে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কোনো ভূমিকা নেই। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির পর আঙুলের চোটের কারণেই তিনি বল হাতে কিছুটা সংযত ছিলেন। পাশাপাশি, ভারতীয় দলের বর্তমান সাফল্যের প্রশংসা করলেও অজিদের স্বর্ণযুগের সাথে তুলনায় যেতে নারাজ এই ক্রিকেটার। তাঁর মতে, ভয়ডরহীন ক্রিকেট খেলে যাওয়াই দলের মূল লক্ষ্য।