আইপিএলে বার্ষিক ২৫০০ কোটি টাকার লোকসান! জয় শাহর সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক ললিত মোদি

বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ হওয়া সত্ত্বেও প্রতি বছর আইপিএলে প্রায় আড়াই হাজার কোটি টাকার লোকসান হচ্ছে বলে দাবি করেছেন টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ললিত মোদি। তাঁর নিশানায় মূলত বিসিসিআই-এর বর্তমান কার্যপদ্ধতি এবং পরোক্ষভাবে জয় শাহর নেওয়া সিদ্ধান্তসমূহ। মোদির অভিযোগ, ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা টুর্নামেন্টের বাণিজ্যিক কাঠামোর পরিপন্থী।
ললিত মোদির মতে, সম্প্রচার স্বত্ব ও লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি হচ্ছে। আগে যেখানে ৯০টির বেশি ম্যাচ হতো, এখন ১০ দলের লিগ হওয়া সত্ত্বেও ম্যাচের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৪-এ। নিয়ম অনুযায়ী দলগুলোর হোম ও অ্যাওয়ে ফরম্যাটে খেলার কথা থাকলেও বর্তমান সূচিতে অনেক দল একে অপরের বিরুদ্ধে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এর ফলে মিডিয়া স্বত্ব থেকে প্রাপ্য বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে বোর্ড ও দলগুলো।
এই ব্যবস্থার কারণে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বছরে প্রায় ১২০ কোটি টাকা কম পাচ্ছে বলে মোদি উল্লেখ করেছেন। তিনি মনে করেন, পর্যাপ্ত সময় না থাকলে দলের সংখ্যা বাড়ানো উচিত হয়নি। সঠিক হোম ও অ্যাওয়ে ফরম্যাট বজায় না রাখলে দলগুলোর বাজারমূল্যও ক্ষতিগ্রস্ত হবে। ২০০৮ সালের মূল পরিকল্পনার বিচ্যুতি ঘটিয়ে আইপিএলের এই বর্তমান মডেলে বিপুল পরিমাণ অর্থ অপচয় হচ্ছে বলেই মনে করছেন তিনি।