আইপিএল বিধি লঙ্ঘন: শাস্তির মুখে শ্রেয়াস আইয়ার ও পাঞ্জাব কিংস

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের দিনেও অস্বস্তিতে পাঞ্জাব কিংস শিবির। মন্থর ওভার-রেটের কারণে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে চড়া জরিমানা করল আইপিএল কর্তৃপক্ষ। চলতি মরশুমে এটি পাঞ্জাব দলের দ্বিতীয় একই ধরনের অপরাধ, যার জেরে শাস্তির মুখে পড়তে হয়েছে গোটা দলকেই।
আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, দ্বিতীয়বার মন্থর গতির বোলিংয়ের দায়ে অধিনায়ক শ্রেয়াসকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে প্রথম ম্যাচে একই ভুলের জন্য তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল। পুনরাবৃত্তির কারণে এবার জরিমানার অঙ্ক দ্বিগুণ হয়েছে। পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ারসহ দলের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
একই ভুল বারবার করলেও এই মরশুমে আইয়ারকে কোনো নিষেধাজ্ঞার কবলে পড়তে হচ্ছে না। ২০২৫ মরশুমের নতুন নিয়ম অনুযায়ী, মন্থর ওভার-রেটের কারণে অধিনায়ককে আর ম্যাচ থেকে নির্বাসিত করা হবে না। মাঠের বাইরে জরিমানার এই প্রতিকূলতা থাকলেও মাঠের লড়াইয়ে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব।