আইপ্যাক মামলা সুপ্রিম কোর্টে ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের

আইপ্যাক মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির এক্তিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান ও কপিল সিবাল সওয়াল করেন যে, কেন্দ্রীয় সরকারের অঙ্গ হিসেবে ইডি সরাসরি কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে কি না। এই পদক্ষেপ দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে দাবি করে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ গত ৮ জানুয়ারি তদন্তের কাজে বাধা দেওয়ার ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। ইডির অভিযোগ ছিল, কয়লা কেলেঙ্কারির তদন্তে আইপ্যাক দপ্তরে তল্লাশির সময় খোদ মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশ বাধা দিয়েছেন। আদালত জানিয়েছে, একজন মুখ্যমন্ত্রীর তদন্তে হস্তক্ষেপের বিষয়টি নজিরবিহীন এবং এটিও বৃহত্তর বিচারের বিষয়।

সলিসিটর জেনারেল তুষার মেহতা ইডির পক্ষে সওয়াল করে রাজ্য পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সিবিআই তদন্তের দাবি জানান। রাজ্য পক্ষ শুনানি চার সপ্তাহ পেছানোর আবেদন করলেও আদালত তা নাকচ করে বিস্তারিত শুনানি চালিয়ে যায়। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ এই স্পর্শকাতর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *