আইপ্যাক মামলা: সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে আইপ্যাক মামলায় রাজ্যের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কঠোর ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি পি. কে. মিশ্র ও বিচারপতি এন. ভি. অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে শুনানির সময় বিতর্কের সূত্রপাত হয়। আদালতের কাজের সময় নির্ধারণ নিয়ে কল্যাণের সওয়ালে অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ স্পষ্ট জানায়, আদালত কখন কোন মামলার শুনানি করবে তা কোনো পক্ষ ঠিক করে দিতে পারে না।
শুনানি চলাকালীন ইডির তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং রাজ্য পুলিশের হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। বিচারপতি মিশ্র মন্তব্য করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগ থাকলে তার গুরুত্ব খতিয়ে দেখা প্রয়োজন। ইডি আধিকারিকদের সুরক্ষা ও অধিকারের বিষয়টি এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলেও আদালত উল্লেখ করে।
বিচারপতিরা সাফ জানান, বিচারব্যবস্থা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে জেতাতে চায় না এবং অপরাধের অংশীদার হতেও রাজি নয়। বফর্স মামলার প্রসঙ্গ টেনে আদালত জানায়, আর্থিক লেনদেন এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ দুটি ভিন্ন বিষয়। এদিনের মতো শুনানি শেষ করে আদালত স্পষ্ট করে দেয় যে, আইনি প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।