আকাশছোঁয়া হতে পারে বিমানের ভাড়া: টিকিটের সর্বোচ্চ সীমার নিয়ম প্রত্যাহার করল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে বিমান ভাড়া বৃদ্ধির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। গত ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ বিমান ভাড়ায় মোদি সরকার যে ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল, সম্প্রতি তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। তবে মন্ত্রক জানিয়েছে, অযৌক্তিক ভাড়া বৃদ্ধির ওপর কড়া নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে ভবিষ্যতে আবারও টিকিটের দাম নির্ধারণ করে দেওয়া হতে পারে।
জ্বালানি সংকটের কারণে ইতিমধ্যে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলো ফুয়েল সারচার্জ বসিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) মূল্যবৃদ্ধি ঘটছে। কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, প্রতি মাসের শুরুতে এটিএফের দাম নির্ধারিত হওয়ায় ১ এপ্রিল থেকে সাধারণ যাত্রীদের ওপর এর বড় প্রভাব পড়তে পারে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রকগুলোর সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে।
ফেডারেশন অব ইন্ডিয়ান এয়ারলাইন্স আর্থিক ক্ষতির দোহাই দিয়ে কেন্দ্রের কাছে টিকিটের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের আর্জি জানিয়েছিল। এর আগে গন্তব্যভেদে সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত ভাড়া নির্দিষ্ট ছিল। বর্তমান পরিস্থিতিতে ইজরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এবং সরকারি বিধিনিষেধ উঠে যাওয়ায় বিমান সংস্থাগুলো ইচ্ছেমতো ভাড়া বাড়াতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এতে আকাশপথে যাতায়াত সাধারণের ধরাছোঁয়ার বাইরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।