আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস ‘স্পেশাল ৪০’, জেলায় জেলায় প্রচারের প্রস্তুতি তুঙ্গে

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক প্রচার অভিযানে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী সপ্তাহ থেকেই শীর্ষ নেতৃত্বের জনসভা ও মিছিলের পাশাপাশি তৃণমূল কোমর বেঁধে জনসংযোগ শুরু করতে চলেছে। এই লক্ষে প্রতিটি বিধানসভা ভিত্তিক বিশেষ কৌশল গ্রহণ করা হয়েছে এবং দলের প্রধান দুই নেতার নেতৃত্বে জোরদার প্রচারের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সূত্রের খবর, জেলা ও রাজ্য স্তরে তৃণমূলের বক্তব্য জোরালোভাবে তুলে ধরার জন্য ‘স্পেশাল ৪০’ নামক একটি বিশেষ মুখপাত্র দল গঠন করা হয়েছে। এই তালিকায় রয়েছেন দলের সাংসদ, মন্ত্রী, ছাত্র ও যুব সংগঠনের নেতা এবং আইটি সেলের প্রতিনিধিরা। রাজ্যের ৪০ জন প্রধান মুখপাত্রের পাশাপাশি প্রতিটি জেলায় আলাদাভাবে আরও দুই থেকে চারজন মুখপাত্র সক্রিয়ভাবে কাজ করবেন।
তৃণমূলের এই নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে প্রধান অস্ত্র করা হচ্ছে। বিশেষ করে ১০০ দিনের কাজ ও আবাসের টাকা আটকানো এবং লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর মতো প্রকল্পের সাফল্য মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াই লক্ষ্য। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থী তালিকা প্রকাশ করে পুরোদমে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে শাসকদল।