আজই প্রকাশিত হচ্ছে ভোটারের অতিরিক্ত তালিকা: আপনার নাম আছে কি না জানবেন যেভাবে

রাজ্যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আজ সোমবার সন্ধ্যা ৬টার পর প্রকাশিত হতে চলেছে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (SIR Supplementary List)। কমিশন সূত্রে খবর, বিচারাধীন থাকা ৬০ লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই ২৮ লক্ষ ৬ হাজার নামের নিষ্পত্তি করা হয়েছে, যা এই তালিকায় স্থান পাবে। বাকি নামগুলোর সমাধান প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৬ এপ্রিল প্রথম দফা ভোটের আগেই প্রতি শুক্রবার পর্যায়ক্রমে নতুন তালিকা প্রকাশ করা হবে।
ভোটাররা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (voters.eci.gov.in) অথবা ‘ECI Net’ অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজেদের নাম যাচাই করতে পারবেন। পোর্টালে গিয়ে ‘SIR Supplementary’ অপশনে ক্লিক করে এপিক (EPIC) নম্বর দিলেই নামের স্থিতি জানা যাবে। এছাড়া অফলাইনে দেখার জন্য প্রতিটি জেলার বিডিও, এসডিও এবং জেলাশাসকের দপ্তরেও এই নামের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
প্রকাশিত এই তালিকায় নাম সংযোজন এবং বিয়োজন—উভয় কলামই থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে, তালিকায় নাম না থাকলে বা বাদ পড়লে সংক্ষুব্ধ ব্যক্তিরা নবগঠিত বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ২৩টি জেলার জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমসহ মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।