আজই ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কতা জারি

সপ্তাহের শুরুতেই ভোলবদল প্রকৃতির। একধাক্কায় ৫ ডিগ্রি পারদ পতন তিলোত্তমায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরে গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও বাড়বে দুর্যোগের দাপট।
হাওয়ার অফিস জানিয়েছে, আজ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বেশি থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের পরিস্থিতির অবনতি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত থাকলেও শিলাবৃষ্টির দাপট সাধারণ মানুষকে ভোগাতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।