আজও কি ভিজবে কলকাতা? দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

সোমবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত। ঝড়ের দাপটে গাছ উপড়ে পড়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতরাতের বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় প্রায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে। মঙ্গলবারও রাজ্যজুড়ে এই স্বস্তির আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে। সোমবারের মতো চরম পরিস্থিতি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর ও শহরতলিতে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা বজায় থাকবে আগামী কয়েকদিন।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দুই বর্ধমানে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার রাজ্যের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকায় গরমের তীব্রতা অনেকটাই কমবে বলে মনে করছে হাওয়া অফিস।