আজাদের নামে হুমকি মেইল, তোলপাড় বাংলা!

আজাদের নামে হুমকি মেইল, তোলপাড় বাংলা!

নিউজ ডেস্ক : সাতসকালে ইমেইল খুলতেই চক্ষু চড়কগাছ ডাকবিভাগের আধিকারিকদের। ফের একবার ভুয়ো বোমা হামলার হুমকিতে কাঁপল গোটা রাজ্য। গতকালের রেশ কাটতে না কাটতেই আজ ফের কোচবিহার, কাটোয়া এবং বাঁকুড়ার মতো জেলাগুলোতে ডাকঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইল পাঠানো হয়েছে। আর এই মেইল ঘিরেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, শুধু জেলা নয়, বাদ যায়নি হাওড়া এবং বর্ধমানও। পরিস্থিতির গুরুত্ব বিচার করে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় হাওড়ার জেলাশাসকের (DM) দপ্তর এবং মুখ্য ডাকঘর। একইভাবে কাজ বন্ধ রেখে বর্ধমান মুখ্য ডাকঘরও খালি করে দেওয়া হয়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই হুমকি মেইলগুলোতে সরাসরি ‘আজাদ কাশ্মীর’ এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ (ISI)-এর নাম উল্লেখ করা হয়েছে। এর পেছনে কোনো বড়সড় চক্র কাজ করছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবর পাওয়া মাত্রই প্রতিটি জায়গায় পৌঁছায় পুলিশ ও বোম স্কোয়াড। স্নিফার ডগ বা সন্ধানী কুকুর নিয়ে দফতরে দফতরে চলে চিরুনি তল্লাশি। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও আতঙ্ক পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। প্রশাসনিক আধিকারিকদের মতে, এগুলি সবই ভুয়ো এবং মানুষকে আতঙ্কিত করার উদ্দেশ্যেই করা হচ্ছে।

উল্লেখ্য, গতকালও রাজ্যের একাধিক পোস্ট অফিসে এই একই কায়দায় ভুয়ো ইমেইল পাঠিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছিল। পরপর দুদিন এই ধরনের ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই সাইবার অপরাধীদের জালে তুলতে ইতিমধ্যেই লালবাজারের সাইবার সেল এবং গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে। মেইলটির উৎস কোথায় এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *