আজ কর্মীসভায় কী নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী?

আজ রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে আয়োজিত বিশেষ কর্মী সম্মেলনের মাধ্যমে ভবানীপুর কেন্দ্রে আনুষ্ঠানিক প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সভায় বুথ স্তরের কর্মীদের বিশেষ রণকৌশল বাতলে দেবেন তিনি। মূলত নির্বাচনী প্রচারের সলতে পাকানো এবং কর্মীদের সক্রিয় করতেই এই সভার আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য হলো গত কয়েক বছরে ভবানীপুর এলাকায় মুখ্যমন্ত্রীর করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রতিটি ভোটারের দুয়ারে পৌঁছে দেওয়া। বুথভিত্তিক প্রচার জোরদার করার পাশাপাশি জনসংযোগের মাধ্যমে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে কর্মীদের একগুচ্ছ নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভার মাধ্যমেই আসন্ন লড়াইয়ের প্রাক্কালে ভবানীপুরে ঘাসফুল শিবিরের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠতে চলেছে।