আজ থেকে শুরু বিশ্বের প্রথম ডিজিটাল জনশুমারি, জালিয়াতি রুখতে কোন তথ্য দেবেন না

আজ থেকে শুরু বিশ্বের প্রথম ডিজিটাল জনশুমারি, জালিয়াতি রুখতে কোন তথ্য দেবেন না

আজ বুধবার থেকে ভারতে শুরু হলো ২০২৭ সালের ঐতিহাসিক জনশুমারির প্রথম পর্যায়ের কাজ। স্বাধীন ভারতের ১৬তম এই জনগণনা বিশ্বের বৃহত্তম এবং প্রথম সম্পূর্ণ ‘কাগজহীন’ বা ডিজিটাল জনশুমারি হিসেবে চিহ্নিত হচ্ছে। প্রথাগত কাগজ-কলমের পরিবর্তে এবার স্মার্টফোন ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রথম পর্যায়ে মূলত ‘হাউস লিস্টিং’ বা বাড়িঘর তালিকাভুক্তির কাজ চলবে। এবারের সেনসাসে নাগরিকরা হিন্দি ও ইংরেজি সহ ১৬টি ভাষায় ‘সেলফ-এনিউমারেশন’ পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই আপলোড করার সুযোগ পাবেন।

এই ডিজিটাল শুমারির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ১৯৩১ সালের পর প্রথমবার জাতিগত তথ্য সংগ্রহ। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় পর্যায়ের জনসংখ্যা গণনার সময় দেশজুড়ে এই জাতিগত গণনা করা হবে। প্রথম পর্যায়ে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির অবস্থা, পানীয় জলের উৎস, বিদ্যুৎ সংযোগ এবং সম্পদের মালিকানা সংক্রান্ত মোট ৩৩টি প্রশ্ন করবেন। ওড়িশা, দিল্লি ও কর্নাটকসহ বেশ কিছু রাজ্যে ১৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে তথ্য আপলোড করা যাবে, যার পর শুরু হবে মাঠ পর্যায়ের যাচাইকরণ। কেন্দ্রীয় সরকার এই মেগা প্রকল্পের জন্য ১১,৭১৮.২৪ কোটি টাকা বরাদ্দ করেছে।

ডিজিটাল এই প্রক্রিয়ায় জালিয়াতি এড়াতে কেন্দ্রীয় সরকার নাগরিকদের সতর্ক করেছে। জনশুমারির কাজে আসা কোনো সরকারি কর্মী কখনোই আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ওটিপি (OTP), মাসিক আয় বা আধার-প্যান কার্ডের হার্ড কপি চাইবেন না। এই ধরণের ব্যক্তিগত বা আর্থিক তথ্য চাওয়া হলে তা প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে। সঠিক তথ্য প্রদান করে এবং সুরক্ষা বজায় রেখে ভারতের এই ডিজিটাল প্রশাসনিক বিবর্তনে অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। ৩০ লক্ষ গণনাকারী ও আধিকারিক এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে নিযুক্ত রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *